দেশে পৃথক এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর - দিগন্ত জার্নাল

দেশে পৃথক এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জিয়াউর রহমান, সিপাহি-জনতার বিপ্লব, আমি জিয়া বলছি

দিগন্ত জার্নাল ডেস্ক:শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

দেশে ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত রোগের চিকিৎসা ও গবেষণার জন্য পৃথক জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেছেন, দেশে বিভিন্ন রোগের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে উঠলেও এন্ডোক্রাইনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি। এ বিষয়ে সুপরিকল্পিতভাবে অ্যাডভোকেসি শুরু করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও গবেষণার স্বার্থে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবম আন্তর্জাতিক এন্ডোক্রাইন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে এন্ডোক্রাইনোলজি নিয়ে কাজ হচ্ছে। তবে দেশে ডায়াবেটিস, থাইরয়েডসহ বিভিন্ন হরমোনজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। তাই এ বিষয়ে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে। এজন্য একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

ড. এম এ মুহিত আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিভক্তি ও মানুষকে অসম্মান করার সংস্কৃতি তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী সেই সংস্কৃতি ভেঙে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এ ধরনের ইতিবাচক চর্চা সমাজ ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নেবে।

তরুণ চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডায়াবেটিস, থাইরয়েড ও স্থূলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। তরুণ গবেষকেরা আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন এবং আন্তর্জাতিক মানের জার্নালে দেশের উপাত্ত ও গবেষণা প্রকাশ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ড. ফারিয়া আফসানা সভাপতিত্ব করেন। এ সময় সংগঠনের চিফ পেট্রোন ফারুক পাঠান, ডা. নাসির উদ্দিন আহমেদ, রিসার্চ সেক্রেটারি ডা. নাজমা আক্তারসহ অন্যরা বক্তব্য দেন।

Home » এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান
an adbox will go here