হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ, নানা আয়োজনে স্মরণ - দিগন্ত জার্নাল

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ, নানা আয়োজনে স্মরণ

দিগন্ত জার্নাল ডেস্ক: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হুমায়ূন আহমেদ: বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। উপন্যাস, নাটক, চলচ্চিত্র ও গানের মাধ্যমে তিনি তৈরি করেছেন নিজস্ব এক জগৎ। মৃত্যুর ১৪ বছর পরও তার সৃষ্টির প্রতি পাঠক-দর্শকের ভালোবাসা অটুট রয়েছে।

জন্মদিন উপলক্ষে রাজধানীসহ তার জন্মভূমি নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে। আয়োজনের মধ্যে রয়েছে বইমেলা, সংগীতানুষ্ঠান ও শ্রুতি প্রযোজনা।

হুমায়ূন আহমেদ নেত্রকোনার মোহনগঞ্জের শেখ বাড়িতে, অর্থাৎ নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ ছিলেন গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। সহজ ভাষা, জীবন্ত সংলাপ ও সূক্ষ্ম রসবোধ তার লেখার বিশেষ বৈশিষ্ট্য। হিমু, মিসির আলী, শুভ্র, রূপা ও বাকের ভাইয়ের মতো চরিত্র আজও পাঠক-দর্শকের কাছে জনপ্রিয়।

‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রোববার’ নাটকের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের মাধ্যমে নির্মাতা হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।

জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে অন্যপ্রকাশ ও চ্যানেল আই অনলাইন। ১৩ থেকে ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা। এতে হুমায়ূন আহমেদের বই ৩০ শতাংশ কমিশনে কেনা যাবে।

Home » হুমায়ূন আহমেদের জন্মদিন
an adbox will go here