ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়াও - দিগন্ত জার্নাল

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর অস্ট্রেলিয়াতেও কম্পন অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার প্রাথমিক তথ্যে ভিন্নতা পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ইউএসজিএসের তথ্যে এর কেন্দ্রের গভীরতা ছিল ৬৮ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পন অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় অনুভূত হয়। কয়েক শ মানুষ কম্পন অনুভব করার কথা জানান।

অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, বান্দা সাগরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। কম্পন অনুভবের বিষয়ে দেশটির বাসিন্দারা ৩৮০টির বেশি প্রতিবেদন জমা দেন।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। 

Home » ইন্দোনেশিয়ায় ভূমিকম্প
an adbox will go here