ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ স্থাপনা ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও সম্পদ ছিল। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১৫টির বেশি হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষণে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এরপর যুদ্ধবিমান ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় বিমানঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।
এপির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সূত্র: আলজাজিরা