মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বাড়ল বিশ্ববাজারে তেলের দাম - দিগন্ত জার্নাল

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবরে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সামান্য দাম বাড়লেও টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে অপরিশোধিত তেল।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বেড়ে ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে।

সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমার পথে রয়েছে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তিতে দরপতনের পরিমাণ দাঁড়াতে পারে ৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন যুদ্ধপূর্ব সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে তেলের দামে নিম্নমুখী চাপ অব্যাহত রয়েছে।

রাকুটেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, রিয়াদে হুথিদের হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকছেন।

আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীরা বৈঠকে বসবেন। সেখানে ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নির্ধারণ করা হবে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বজুড়ে তেল ও গ্যাস বাণিজ্যে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করেছে। সংস্থাটির পূর্বাভাস, সরকারগুলো বিদ্যুতায়ন, জ্বালানি দক্ষতা ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ালে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স

Home » বিশ্ববাজারে তেলের দাম
an adbox will go here