ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮ - দিগন্ত জার্নাল

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ক্ষতিগ্রস্ত স্থাপনা

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার জবাব দেওয়ার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।

শুক্রবার (২০ নভেম্বর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী সেতুতে ইউক্রেনের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করার পর এ হামলা চালানো হয়। চলমান যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার অন্যতম বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

রাতভর রাজধানী কিয়েভে নিপ্রো নদীর ওপর নির্মিত তিনটি সেতু লক্ষ্য করেও হামলা চালানো হয়। এসব সেতু রাজধানীর দুই পাশের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। নিরাপত্তার জন্য বাসিন্দারা মেট্রোরেল স্টেশনে আশ্রয় নেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন ও ১১০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনজুড়ে জ্বালানি, সরবরাহব্যবস্থা ও রেল যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

চলতি বছরে সম্মুখসারিতে বড় ধরনের অগ্রগতি না থাকলেও আকাশপথে হামলা জোরদার করেছে দুই পক্ষই। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ, পরিবহন ও সরবরাহ অবকাঠামোয় আঘাত হানছে।

টেলিগ্রামে দেওয়া বার্তায় জেলেনস্কি এ হামলাকে অন্যতম বৃহৎ হামলা বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে নিজেদের অক্ষমতা আড়াল করতে রাশিয়া বেসামরিক মানুষের জীবনকে লক্ষ্যবস্তু করছে। তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্রগুলো কয়েক দফায় ছোড়া হয় এবং প্রতিটি দফার মধ্যে বিরতি ছিল মাত্র ২০ থেকে ৩০ মিনিট।

Home » ইউক্রেনে রাশিয়ার হামলা
an adbox will go here