নাশকতার আশঙ্কায় দেশের ৮ কারাগারে বিশেষ গোয়েন্দা নজরদারি - দিগন্ত জার্নাল

নাশকতার আশঙ্কায় দেশের ৮ কারাগারে বিশেষ গোয়েন্দা নজরদারি

নাশকতার আশঙ্কায় দেশের আটটি কারাগারে বিশেষ গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার

দিগন্ত জার্নাল ডেস্ক: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতার ঘটনায় দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝুঁকি বিবেচনায় আটটি কারাগারকে বিশেষ গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কারারক্ষীদের সতর্ক থাকতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ অন্তত ২১ জেলার ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে ৮৩টি পরিবহণে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে এবং গ্রেফতার হয়েছেন ৬৬ জন।

বিশেষ নজরদারিতে থাকা কারাগারগুলো হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারা কমপ্লেক্স, গাজীপুর, নরসিংদী, কক্সবাজার, কুমিল্লা, খুলনা ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার।

কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সহযোগিতা চেয়ে ১৮ নভেম্বর চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। চিঠিতে জানানো হয়, সেখানে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। এলাকাটি গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইভুক্ত হওয়ায় সার্বক্ষণিক নিরাপত্তা ও টহল জোরদার প্রয়োজন।

কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া উইং) মাসুদ হাসান জুয়েল জানান, প্রতিটি কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সদর দপ্তর থেকে নিয়মিত পর্যবেক্ষণ ও নির্দেশনা দেওয়া হচ্ছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেছবাহুল আলম সেলিমও নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছেন।

নিরাপত্তা উদ্বেগের পেছনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ১৭টি কারাগারে হামলা, বিদ্রোহ ও বিশৃঙ্খলার ঘটনাও রয়েছে। ওই সময় বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২৪৭ বন্দি পালিয়ে যান। তাঁদের মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন।

দেশের ৭৫টি কারাগারের ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। তবে বর্তমানে বন্দি রয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার। এ পরিস্থিতিতে কারাগারগুলোর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর অনলাইন

an adbox will go here