পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ
দিগন্ত জার্নাল ডেস্ক: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবে বলে জানা গেছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে শ্রমিকদের মাসিক মজুরি যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা। অফিস স্টাফদের ক্ষেত্রে চার গ্রেডে ৫৫ হাজার, ৫০ হাজার, ৪৫ হাজার ও ৪০ হাজার টাকা প্রস্তাব করা হয়।
দ্বিতীয় সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে পারেনি। পরে তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। ১৬ নভেম্বরের নির্ধারিত সভা স্থগিত করে ২৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া এ মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডে নিরপেক্ষ সদস্য অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব ও এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসেন ও বাবুল আখতার রয়েছেন।