সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আমরা সীমান্তে শান্তি চাই, কোনো অশান্তি চাই না। তবে যদি বাংলাদেশের মানুষকে বারবার উসকানি দেওয়া হয়, তাহলে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে। স্বাধীন ভূখণ্ড রক্ষায় বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত।”
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘আগ্রাসন’ এবং বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাতে মশাল মিছিলে তিনি এ কথা বলেন।
এর আগে, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন স্লোগান উচ্চারণ করা হয়, যেমন: “দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “দালালি না রাজপথ, রাজপথ রাজপথ”। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আখতার হোসেন বলেন, “চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এসে আমাদের ফসল নষ্ট করছে এবং বাংলাদেশের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপের সাহস দেখিয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাদের প্রতিহত করতে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। বাংলাদেশ আর পরাধীনতার স্বাদ সহ্য করবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি জায়গা কেড়ে নেওয়ার চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। দালাল খুনি হাসিনার পতনের পর দিল্লির মাথা খারাপ হয়ে গেছে, তারা বাংলাদেশের সীমান্ত নিয়ে নয়ছয় করার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এক এক ইঞ্চি জায়গা হারাতে দেব না।”
আখতার হোসেন শেষ করে বলেন, “বাংলার মানুষ জীবন দিতে প্রস্তুত। আমরা বিশ্বাস রাখতে চাই, ভারত বাংলাদেশের মানুষের পালস বুঝবে এবং তারা বাংলাদেশের উপর অযাচিত কোনো আগ্রাসন চালাবে না। তবে যদি তা করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে।”
এ সময় জাতীয় নাগরিক কমিটির রফিকুল ইসলাম আইনীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।