দ্বীনের প্রচারে শায়খ হাফীজুদ্দীন: নেত্রকোনায় চারটি প্রোগ্রামে অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক:
আওলাদে রসুল আস’আদ মাদানীর (রাহিমাহুল্লাহ) খলিফা এবং মাদানী মজলিস বাংলাদেশের সভাপতি শায়খ মুফতি হাফীজুদ্দীন মুসলমানদের মাঝে ঈমান জাগ্রত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি ২০২৫ সোমবার, নেত্রকোনার বিভিন্ন এলাকায় চারটি গুরুত্বপূর্ণ ইসলামি প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
১. বাদ যোহর, নেত্রকোনা সদর গর্দী হাইস্কুল মাঠে
পুরুষ ও মহিলাদের উদ্দেশ্যে হেদায়েতের বয়ান প্রদান করেন। বয়ানে অংশগ্রহণকারী মুসল্লিদের বায়াত ও তওবা পড়ান।
২. নেত্রকোনা শহরের মোহাম্মদিয়া নূরানিয়ার মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন।
৩. বাদ মাগরিব, নেত্রকোনা সদর কয়রাটি গ্রামে অবস্থিত মাদরাসাতুন নূর আল মাদানিয়াতে ইসলাহী বয়ান, বায়আত এবং বিশেষ দুআ করেন।
৪. জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসা, কৃষ্ণপুর, নারায়ণডহর, পূর্বধলা:
খতমে বুখারী অনুষ্ঠানে বুখারী শরীফের শেষ দরস প্রদান, বয়ান, বায়আত এবং দুআ পরিচালনা করেন শায়েখ হাফিজুদ্দীন।
প্রোগ্রামের বিভিন্ন বয়ানে শায়খ হাফীজুদ্দীন মুসলমানদের আখেরাতের পথে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, “ও দোস্ত মহব্বতের সালেকীন ভাইয়েরা, দুনিয়াদারির মধ্যে মজে গিয়ে আখেরাতকে ভুলে যাচ্ছেন। আজ যদি আপনার মৃত্যু চলে আসে, দুনিয়াদারি দুনিয়াতেই পড়ে থাকবে। এখন থেকেই নিজের ভুল বুঝে আখেরাতের পথে ফিরে আসুন।”
তিনি আরও বলেন, “নামাজ পাঁচ ওয়াক্ত কায়েম করুন, সুন্নতের লেবাস ধারণ করুন। জিনা করবেন না, ব্যভিচার করবেন না, মিথ্যা বলবেন না, চুরি করবেন না এবং গীবত বা অন্যের নিন্দা করবেন না। মসজিদ-মাদ্রাসার বিরোধিতা কখনো করবেন না, কারণ মসজিদ-মাদ্রাসার বিরোধিতা করে একমাত্র শয়তান। আল্লাহর বন্ধুদের পরিচয় হলো—তারা মসজিদ-মাদ্রাসার সহযোগিতা করেন।”
শায়খ হাফীজুদ্দীনের এসব বার্তা উপস্থিত শ্রোতাদের মাঝে গভীর প্রভাব ফেলেছে। অনেকেই তার কথায় অনুপ্রাণিত হয়ে আখেরাতের পথে ফিরে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মুসলিম উম্মাহর মাঝে ঈমানি চেতনা জাগ্রত করার জন্য তার এই প্রচেষ্টা সর্বমহলে প্রশংসিত হয়ে চলেছে।