হকার সাগর হত্যা মামলায় ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর - দিগন্ত জার্নাল

হকার সাগর হত্যা মামলায় ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হকার মো. সাগর হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে তাকে ঢাকার আদালতে হাজির করা হয়, যেখানে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন, তবে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আসামির জামিন আবেদন নামঞ্জুর করে ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিকে, রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডা. এনামুর রহমানকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া হকার মো. সাগর এলোপাতাড়ি গুলিতে নিহত হন। ওই ঘটনায় নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন, যার ২৪২ জন আসামির মধ্যে ডা. এনামুর রহমান ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।

an adbox will go here