কারাগারে টিস্যু পেপারে গোপন বার্তা: পলক ও দীপু মনির ঘটনা
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জনকে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পৃথক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান।
আদালতে পলক টিস্যু পেপারে লিখে তার আইনজীবীর মাধ্যমে ‘গোপন বার্তা’ পাঠানোর ঘটনা ঘটে। এর আগে, ২০ জানুয়ারি, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি একইভাবে আদালতে টিস্যু পেপারে চিঠি লিখে তা আইনজীবীর মাধ্যমে হস্তান্তর করেছিলেন।
দীপু মনি তার চিঠি লিখে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আইনজীবীর হাতে সেটি দেন, এরপর আইনজীবী চিঠির ছবি তোলেন এবং সেটি লুকিয়ে রাখেন। দীপু মনির এই কর্মকাণ্ড আদালতে নজরে আসেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক। তিনি জানান, আদালতে আসামিরা এবং আইনজীবীরা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বললেও চিঠি কিংবা রাজনৈতিক বার্তা আদান-প্রদান উচিত নয়।
সোমবার, পলকের আদালত শুনানি শুরুর আগেই তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম টিস্যু পেপারে লেখা একটি বার্তা তার হাতে গুঁজে দেন। বিষয়টি পুলিশ কর্মকর্তারা নজরে আসলে তারা চিঠি দেওয়া নিষেধ বলে জানালে, তরিকুল ইসলাম তা লুকিয়ে ফেলেন। তবে তিনি এই ঘটনাটি অস্বীকার করেন এবং বলেন, “আমরা শুধু ওকালতনামায় পলকের স্বাক্ষর নিয়েছি।”
এছাড়া, পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় দেশের বিভিন্ন পরিস্থিতি যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনাগুলি তুলে ধরেন। তিনি তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, তাকে কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার অজুহাতে অন্যদের সঙ্গে কথা বলতে দিলেও তাকে দেওয়া হচ্ছে না।
পলক ও দীপু মনির এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুকী বলেন, এই ধরনের রাজনৈতিক বার্তা আদান-প্রদান আদালতের বাইরে হওয়া উচিত।
এদিকে, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেন। মেনন তার আইনজীবীদের জানান, গতকাল হাইকোর্টে তার চারটি মামলায় জামিন চাওয়া হয়েছিল, কিন্তু সবগুলোই রিজেক্ট হয়েছে। এরপর, হাসানুল হক ইনু রসিকতা করে বলেন, “আমার তো ৪০টা মামলা হয়ে গেছে, ৮০টা না হলে হয় নাকি?”
এ ধরনের ঘটনা আদালতে সুষ্ঠু শুনানি ও বিচারিক প্রক্রিয়া ভঙ্গ করতে পারে, তাই এ বিষয়ে আরও তৎপরতা প্রয়োজন।