আকাশপথের ভাড়া নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
দিগন্ত জার্নাল ডেস্ক:
আকাশপথের যাত্রীদের নির্ধারিত মূল্যে টিকিট কেনা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে প্রকাশিত পরিপত্রে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।
পরিপত্রে বলা হয়েছে, গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো টিকিট বুকিংয়ের সময় যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি আবশ্যিক। বুকিং দেওয়ার তিন দিনের মধ্যে যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল করবে। এছাড়া, ইতোমধ্যে ব্লককৃত গ্রুপ-টিকিট সাত দিনের মধ্যে বিক্রি নিশ্চিত করতে হবে, তা সম্ভব না হলে পরবর্তী তিন দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।
সব ধরনের এয়ার টিকিট অনলাইনে বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে টিকিটের মূল্য অনলাইনে ও টিকিটের গায়ে স্পষ্টভাবে প্রদর্শিত থাকতে হবে। অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং ট্রাভেল এজেন্সিগুলো বাধ্যতামূলকভাবে মূল্য-সংবলিত টিকিট ও বিক্রয়ের রসিদ প্রদান করবে।
চাহিদা না থাকা সত্ত্বেও টিকিট মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। একইসঙ্গে, অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রিও সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশেষভাবে, ওয়ার্ক ভিসায় বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করা হবে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য টিকিট ভাড়া কমানোর বিষয়ে আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
নতুন এই নির্দেশনা কার্যকর হলে টিকিট কালোবাজারি, অযৌক্তিক দামবৃদ্ধি ও যাত্রী হয়রানি বন্ধ হবে, পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য বিমান ভাড়ার বোঝাও কমবে।