বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্কের আলোচনা - দিগন্ত জার্নাল

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্কের আলোচনা

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট চালুর সম্ভাবনা নিয়ে স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রকাশিত একটি বিস্তৃত ভিডিওতে তাদের আলোচনার বিষয়বস্তু উঠে আসে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে।

আলোচনায় কম খরচে উচ্চগতির ইন্টারনেট সংযোগ কীভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, তা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সুবিধাবঞ্চিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে স্টারলিংকের ভূমিকা কী হতে পারে, সে বিষয়েও মতবিনিময় করা হয়।

অধ্যাপক ইউনূস বলেন,
“স্টারলিংকের সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে যুক্ত হলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে। এটি গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের সম্প্রসারণের মতো হবে, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সঙ্গে সংযুক্ত হতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী নারী ও শিশুদের ক্ষমতায়ন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করে বলেন,
“আমি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের কাজ সম্পর্কে জানি। স্টারলিংকের মতো প্রযুক্তি বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।”

ড. ইউনূস জাতীয় উন্নয়নের স্বার্থে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক ইতিবাচক সাড়া দিয়ে বলেন,
“আমি এটির জন্য অপেক্ষা করছি।”

এ আলোচনায় আরও উপস্থিত ছিলেন—

রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান

বাংলাদেশের পক্ষ থেকে এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ

স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার

গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস

স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ সহজলভ্য হলে গ্রামীণ ও দুর্গম অঞ্চলের মানুষ ডিজিটাল সুবিধা পাবে। এটি দেশটির ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে।

an adbox will go here