পরিবারের ‘গোপন তথ্য’ ফাঁসের ইঙ্গিত দিলেন আসাদের স্ত্রী?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:১০ পিএম
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আল-আসাদ রাজনৈতিক বিষয়ে দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন। এতে ইঙ্গিত মিলছে, আসাদের পরিবার সম্পর্কিত বহুদিনের গোপন তথ্য প্রকাশ পেতে পারে। মেহর নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে শাফাক নিউজ জানিয়েছিল, আসাদ দম্পতির ছেলে হাফেজ বাশার আল-আসাদ সম্প্রতি এক্স (টুইটার)-এ এক পোস্টে ঘোষণা দেন যে, আসন্ন পডকাস্ট পর্বে তারা সিরিয়া ছাড়ার পরের ঘটনাপ্রবাহ এবং অতীত সম্পর্কে “অকথিত সত্য ও গোপন তথ্য” প্রকাশ করবেন।
হাফেজ লিখেছেন,
“সময় সবকিছু প্রকাশ করবে। শিগগিরই এমন কিছু ভিডিও আসবে, যা তথ্য স্পষ্ট করবে। কেউ কেউ মনে করতে পারে যে অনুপস্থিতির অর্থ পালিয়ে যাওয়া, কিন্তু বিশৃঙ্খলার সময়ে এটি সবসময় প্রয়োজনীয় নয়।”
তার এই ঘোষণার পরপরই আসমা আল-আসাদ এক্স-এ একটি পোস্ট দেন, যেখানে তিনি বলেন,
“কিছু সময় নীরবতার পর, নতুন করে শুরু করার সময় এসেছে। আশা এবং পরিবর্তন অবিচল; আসুন একসঙ্গে শুরু করি।”
তিনি আরও লেখেন,
“সিরিয়া, তার সব সৌন্দর্য ও সমৃদ্ধ ইতিহাসসহ আমাদের হৃদয়ে রয়ে গেছে। আমরা এর জনগণের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করি এবং এই প্রিয় ভূমির প্রতিটি কোণে সুখী দিন ফিরে আসার আশা করি।”
সাবেক এই ফার্স্ট লেডির বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসাদের পরিবার শিগগিরই কিছু স্পর্শকাতর তথ্য প্রকাশ করতে পারে, যা দীর্ঘদিন ধরে গোপন ছিল।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে সিরিয়ার বিদ্রোহী সংগঠন ‘হায়াত তাহরির আল-শাম’ দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাশার আল-আসাদ ও তার পরিবার দেশত্যাগ করেন। বর্তমানে তারা রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।
(তথ্যসূত্র: মেহর নিউজ এজেন্সি, শাফাক নিউজ)