হামাসের কাছে মৃত ৫ জিম্মির লাশ ফেরত নিচ্ছে ইসরাইল, শনিবার মুক্তি পাবে ৩ জীবিত বন্দি - দিগন্ত জার্নাল

হামাসের কাছে মৃত ৫ জিম্মির লাশ ফেরত নিচ্ছে ইসরাইল, শনিবার মুক্তি পাবে ৩ জীবিত বন্দি

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস পাঁচ ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দেবে। এ নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৩৩তম দিনে মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়ার কথা, যা বৃহস্পতিবার কার্যকর হবে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই পাঁচ জিম্মি হামাসের কাছে থাকার সময় মারা গেছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। হামাসের দাবি, ইসরাইলি সেনাদের নির্বিচার হামলাতেই বেশিরভাগ জিম্মির মৃত্যু হয়েছে।

জিম্মিদের লাশ ফেরতের আগেই তাদের নাম প্রকাশ করা হবে না। বৃহস্পতিবার সকালে হামাস ইসরাইলকে মৃতদের নাম জানাবে। গাজা থেকে লাশগুলো ইসরাইলে পৌঁছানোর পর আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে, যেখানে পরিচয় যাচাই করা হবে। এরপরই পরিবারের কাছে বিষয়টি জানানো হবে।

তবে ওয়াল্লা নিউজ জানিয়েছে, পাঁচ নয়, বরং চারটি মরদেহ ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে এখনো ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, বৃহস্পতিবার মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়ার পর শনিবার হামাস আরও তিন জীবিত জিম্মিকে মুক্তি দেবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

an adbox will go here