তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক প্রতিবেদন জমা অক্টোবর-ডিসেম্বরে - দিগন্ত জার্নাল

তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক প্রতিবেদন জমা অক্টোবর-ডিসেম্বরে

দিগন্ত জার্নাল ডেস্ক:

আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক প্রতিবেদন জমা দেবে চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পাওয়ার চায়না ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত মহাপরিকল্পনা দেবে। তবে ২০২৫ সালের শেষ প্রান্তিকে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে।

এ প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, ‘জনসম্মুখে তথ্য না থাকায় মহাপরিকল্পনা নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। পরিকল্পনাই যদি না থাকে, বাস্তবায়ন হবে কীভাবে?’

তিনি জানান, চায়নিজ একটি গ্রুপ ইতিপূর্বে একটি পরিকল্পনা জমা দিলেও তা টেকসই ছিল না। তাই নতুন করে মহাপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত-বাংলাদেশের টানাপড়েন দীর্ঘদিনের। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে চুক্তির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়। পরবর্তী সময়ে নরেন্দ্র মোদির সরকার আশার কথা শোনালেও মমতার অনড় অবস্থানের কারণে এখনো চুক্তি হয়নি।

an adbox will go here