প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, যা বলে গেলেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার **বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল বলেন, ঢাকায় তার চার বছরের অবস্থানে বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সুযোগের মাধ্যমে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি বলেন, “আমরা খুব শিগগিরই এর চালুর অপেক্ষায় রয়েছি। ভুটানি বিনিয়োগকারীরা এখানে ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে।”
এছাড়া, ভুটান বাংলাদেশ-ভুটান যৌথ বিনিয়োগে আগ্রহী এবং ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, ভুটান বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে চায়, যাতে বিকল্প ইন্টারনেট সংযোগ পাওয়া যায়।
সাক্ষাৎকালে, তারা দুই দেশের সম্পর্ক এবং বিশেষ করে শিক্ষা খাতে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভুটানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভুটান বাংলাদেশের ‘একজন ভালো বন্ধু’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।