কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের ব্যাপক সংঘর্ষ, ভিসিসহ আহত ৬০ - দিগন্ত জার্নাল

কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের ব্যাপক সংঘর্ষ, ভিসিসহ আহত ৬০

দিগন্ত জার্নাল ডেস্ক:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া পালটাপালটি ধাওয়া বিকাল পর্যন্ত চলে। এ ঘটনায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যার মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় কুয়েটের উপাচার্য প্রফেসর ড. অধ্যাপক মাছুদও আহত হয়েছেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ সংঘর্ষের সূত্রপাত ঘটে যখন মঙ্গলবার সকাল থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য ফরম বিতরণ শুরু করেন। এর পর শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন এবং ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসলে ছাত্রদল সমর্থিতদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে বহিরাগতরা উপস্থিত ছিল, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। এই সংঘর্ষ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে কিছু শিক্ষার্থী এবং কুয়েটের কর্মকর্তা-কর্মচারীও আছেন।

এদিকে, কুয়েটের ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‌্যাব ও নৌবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ গণমাধ্যমে জানিয়েছেন, ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিয়ে তদন্ত করা হবে।

এই সংঘর্ষের ঘটনায় কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর ও জেলা শাখা।

an adbox will go here