হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্নীতির শিকার ৭৪ শতাংশ বাংলাদেশি: জাতিসংঘের প্রতিবেদন
আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরের আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার শাসনামলে প্রতি ৪ জনের মধ্যে ৩ জন (৭৪.৪%) বাংলাদেশি আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার হয়েছেন। ওএইচসিএইচআর থেকে প্রকাশিত তথ্য অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, “উচ্চপর্যায়ের দুর্নীতি প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর নিম্নস্তরে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিফলন ঘটিয়েছে।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, নিরাপত্তা খাত এবং প্রশাসনের ওপর খবরদারি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যা অর্থনৈতিক শোষণ, স্বজন তোষণ পুঁজিবাদ এবং দুর্নীতি বিস্তার লাভের পথ প্রশস্ত করেছে।
এছাড়া, সরকার বৃহৎ ব্যবসা, রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প এবং বড় অবকাঠামো প্রকল্পকে অগ্রাধিকার দিলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সেভাবে মনোযোগ দেয়নি। অর্থনৈতিক তথ্য বিকৃতির মাধ্যমে মাথাপিছু জিডিপি বাড়ানোর দাবী তুলে সরকার অর্থনৈতিক বৈষম্য বাড়িয়েছে এবং শীর্ষ পাঁচ শতাংশ ধনী শ্রেণি উল্লেখযোগ্যভাবে লাভবান হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের কর ব্যবস্থা দুর্বল, এবং পরোক্ষ করের ওপর অত্যধিক নির্ভরশীলতা নিম্ন ও মধ্য আয়ের জনগণের জন্য অতিরিক্ত বোঝা তৈরি করেছে। এছাড়া, অর্থনৈতিক শক্তি ও সম্পদের কেন্দ্রীকরণ এবং সরকারি ক্রয় খাতে দুর্নীতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার এবং ধনী ব্যক্তিদের স্বার্থে বিনিয়োগ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।