পটুয়াখালীতে অটোরিকশা চালক ঈসা হত্যা: রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার - দিগন্ত জার্নাল

পটুয়াখালীতে অটোরিকশা চালক ঈসা হত্যা: রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

দিগন্ত জার্নাল ডেস্ক:

পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালক মহিউদ্দিন ঈসা (২০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তা ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়ার পর হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের সেলিম হাওলাদারের ছেলে মো. তুহিন হাওলাদার (২৪) ও আমতলী থানার মহিষকাটা এলাকার কালিকাবাড়ী গ্রামের নাহিদ (১৪)। নিহত মহিউদ্দিন ঈসা ইটবাড়িয়া ইউনিয়নের জাফর ফকিরের ছেলে এবং তিনি ভাড়ায় অটোরিকশা চালাতেন।

এসপি জানান, গত ১৬ ফেব্রুয়ারি সন্দেহভাজন হিসেবে নাহিদকে আটক করা হলে সে পুলিশের কাছে এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়, যিনি আদালতে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শিশু নাহিদ কিছুদিন আগে নানা বাড়ি ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুরে বেড়াতে আসে। সেখানে তুহিনের সঙ্গে পরিচয়ের পর ২ ফেব্রুয়ারি তারা ঈসার অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। ৪ ফেব্রুয়ারি টিকটক করার কথা বলে ঈসার রিকশা ভাড়া নিয়ে ঘোরাঘুরি শেষে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে যায়।

সেখানে কৌশলে ঈসার সঙ্গে তর্কে জড়িয়ে তরমুজ খেতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে তারা। পরদিন ওই খেত থেকে ঈসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

an adbox will go here