শান্তি আলোচনার জন্য তুরস্ককে আদর্শ স্থান হিসেবে প্রস্তাব এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে পরিকল্পিত শান্তি আলোচনার জন্য তুরস্ক একটি আদর্শ স্থান হতে পারে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এরদোগান বলেন, তুরস্ক সবসময় রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে কাজ করেছে এবং আলোচনার সাফল্য নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। তিনি জানান, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনা এবং কৃষ্ণসাগর শস্য চুক্তির আয়োজনের মাধ্যমে তুরস্ক বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধ অবসানের উদ্যোগ তুরস্কের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আঙ্কারা সবসময় এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে। পাশাপাশি, তুরস্ক ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে প্রশ্নাতীত বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের সমর্থনের প্রশংসা করে বলেন, কিয়েভ সবসময় আঙ্কারার সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তিনি জানান, তার দেশ ও মিত্ররা খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে কাজ করছে এবং ইউক্রেনের অনাথ শিশুদের জন্য তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে তার স্ত্রী ওলেনা জেলেনস্কা একটি প্রকল্প পরিচালনা করছেন।
জেলেনস্কি আরও জানান, শান্তি আলোচনায় ইউক্রেন ও ইউরোপের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি তার আসন্ন সৌদি আরব সফর ১০ মার্চ পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন এবং বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনাই হতে পারে না।