গাজায় ৮৯% মসজিদ ধ্বংস, পুনর্নির্মাণে ‘মিনারেটস কোলিশন’ উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক:
গাজার অ্যান্ডওমেন্টস এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলার ফলে গাজা উপত্যকায় এক হাজার ২৪৪টি মসজিদের মধ্যে এক হাজার ১০৯টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৮৩৪টি পুরোপুরি ধ্বংস এবং ২৭৫টি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গাজার ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র, ওয়াকফ সম্পত্তি, কবরস্থান এবং মসজিদের ধ্বংসে ক্ষতির পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ধ্বংসপ্রাপ্ত ওমরি মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে জানান, ইসরাইলি বাহিনী মসজিদ ছাড়াও তিনটি গির্জা ধ্বংস করেছে এবং ৬০টি কবরস্থানের মধ্যে ৪০টিতে হামলা চালিয়ে ২১টি পুরোপুরি ধ্বংস করেছে। এছাড়া, ৬৪৩টি ওয়াকফ অস্থাবর সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ধর্মীয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ইসরাইলি হামলায় এখন পর্যন্ত মন্ত্রণালয়ের ৩১৫ জন ইমাম ও বক্তা শহিদ হয়েছেন এবং ২৭ জন কর্মী আটক হয়ে বন্দি রয়েছেন। এই পরিস্থিতি মোকাবিলায় ‘মিনারেটস কোলিশন’ নামে একটি আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়েছে, যার লক্ষ্য ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করা।
এই প্রকল্পের আওতায় সাময়িক মসজিদ স্থাপন, ইমামদের সহায়তা, কুরআন পাঠের কোর্স, ধর্মীয় শিক্ষা কেন্দ্র চালু, ফ্রি কবরস্থান প্রদান, পানি কূপ খনন, এবং শহিদ ও বন্দিদের পরিবারের সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
গাজার অ্যান্ডওমেন্টস মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণে সহায়তা করা হয় এবং সমাজের আধ্যাত্মিক ও সামাজিক কাঠামো পুনরুদ্ধার করা সম্ভব হয়।
সূত্র: মিডলইস্ট মনিটর