রাজধানীতে আজ ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
দিগন্ত জার্নাল ডেস্ক:
গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য আজ (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের জন্য।
এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।