গাজায় মৃত ইসরাইলি ও ফিলিস্তিনিদের লাশ হস্তান্তরে রেড ক্রসের ‘দ্বৈত মানদণ্ড’ - দিগন্ত জার্নাল

গাজায় মৃত ইসরাইলি ও ফিলিস্তিনিদের লাশ হস্তান্তরে রেড ক্রসের ‘দ্বৈত মানদণ্ড’

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বিরুদ্ধে মৃত ইসরাইলি এবং ফিলিস্তিনিদের লাশ হস্তান্তরের ক্ষেত্রে ‘দ্বৈত মানদণ্ড’ প্রয়োগের অভিযোগ তুলেছে হামাস। হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-তাওয়াবা শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে এই অভিযোগ করেন।

তিনি জানান, যেখানে রেড ক্রস ইসরাইলি জিম্মিদের মরদেহ গ্রহণের সময় সশ্রদ্ধ আনুষ্ঠানিকতা পালন করে, সেখানে ফিলিস্তিনি শহিদদের মরদেহ নীল ব্যাগে ভরে, ট্রাকের মধ্যে মানবিক মর্যাদার মূল বিষয়গুলো ছাড়াই দেওয়া হয়। তিনি এই বৈষম্যকে ‘দ্বৈত মানদণ্ড’ হিসেবে চিহ্নিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠায় ব্যর্থতার চিত্র হিসেবে এটি তুলে ধরেছেন।

এছাড়া, হামাস নেতানিয়াহুর বোমা হামলা চালানোর নির্দেশকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, তার নির্দেশে শিরি বিবাস ও তার সন্তানদের মৃত্যুর পূর্ণ দায় বর্তায়।

এ বিষয়ে রেড ক্রসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে গত সেপ্টেম্বর মাসে আইসিআরসি ফিলিস্তিনিদের মৃতদেহ গাজায় হস্তান্তর করতে কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করেছিল।

শুক্রবার হামাস গাজায় অস্ত্রবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে চার ইসরাইলি বন্দির মরদেহ হস্তান্তর করেছে। তারা দাবি করেছে, এসব ইসরাইলি গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছিল এবং তারা ইসরাইলি বন্দিদের পরিবারকে বার্তা পাঠিয়েছে, “আমরা চাইতাম আপনারা তাদের জীবিতভাবে ফিরে পান, কিন্তু আপনার দেশের সেনাবাহিনী এবং সরকার তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল।”

an adbox will go here