২২ সালে ইমরান খানের রাশিয়া সফরের নতুন তথ্য প্রকাশ - দিগন্ত জার্নাল

২২ সালে ইমরান খানের রাশিয়া সফরের নতুন তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ২০২২ সালের ফেব্রুয়ারির রাশিয়া সফরের আগে গোপন আলোচনার নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দারা ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসনের বিষয়ে পাকিস্তানকে সতর্ক করলেও তৎকালীন সরকার তা প্রত্যাখ্যান করে।

সফরের আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনকল গ্রহণ করেন, যেখানে রাশিয়ার আক্রমণের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়। তবে ইউসুফ মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার ভ্রান্ত দাবির প্রসঙ্গ তোলেন।

তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে সফরের বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। সামরিক প্রতিষ্ঠান সফরের অনুমোদন দিয়েছিল এবং রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য না থাকার কথা জানিয়েছিল।

তবে সফরের সময়ই রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে ইমরান খান কঠিন পরিস্থিতিতে পড়েন। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল দাবি করছে, খান রাশিয়ার বিষয়ে সঠিক ছিলেন, আর সেনাপ্রধান বাজওয়া তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

ইমরান খান বলেছেন, তিনি সস্তা তেল আমদানির জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিলেন, তবে সামরিক সূত্র জানায়, এমন কোনো চুক্তি হয়নি এবং সফরের বিষয়ে সেনাবাহিনী কখনো তাকে নিষেধ করেনি, বরং সমর্থন করেছিল।

an adbox will go here