ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান দ্বি-রাষ্ট্র: ইইউ - দিগন্ত জার্নাল

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান দ্বি-রাষ্ট্র: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল-ফিলিস্তিনি সংঘাত নিরসনের একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাসেলসে ইইউ-ইসরাইল অ্যাসোসিয়েশন কাউন্সিলের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ক্যালাস বলেন, ইইউ ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজায় ফিরে আসার পক্ষে রয়েছে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্বদেশে ফেরার অধিকারের সমর্থন করে। তিনি আরও বলেন, সঠিক সময় এলে ইইউ গাজার পুনর্গঠনে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করবে এবং ফিলিস্তিনিদের অবশ্যই তাদের নিজ ভূমিতে থাকতে দিতে হবে।

ইইউ বৈঠকে ইসরাইলের ওপর পশ্চিম তীরে সামরিক অভিযান এবং গাজার নাজুক যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে চাপ সৃষ্টি করেছে। কাজা ক্যালাস বলেন, ইইউ পশ্চিম তীরের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এতে উদ্বেগ প্রকাশ করেছে।

এই বৈঠকটি ২০২২ সালে ইইউ ও ইসরাইলের মধ্যে হওয়া অ্যাসোসিয়েশন চুক্তির কাঠামোর অধীনে প্রথমবার অনুষ্ঠিত হলো। ইইউর সমালোচনার কারণে এক দশকেরও বেশি সময় ধরে এই ধরনের আলোচনা স্থগিত রেখেছিল ইসরাইল।

স্পেন ও আয়ারল্যান্ড গত বছর গাজায় সংঘটিত সহিংসতার কারণে ইসরাইলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতে বলেছিল। তবে ইইউর অন্যান্য ইসরাইলপন্থি দেশগুলো এই আহ্বান প্রত্যাখ্যান করে।

বৈঠকের বিষয়ে ইসরাইলি মন্ত্রী গিডিয়ন সার বলেন, তিনি সদস্য রাষ্ট্রগুলোর উদ্বেগ ও অবস্থান শুনেছেন এবং ইসরাইলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

an adbox will go here