ইসরাইলি কারাগারে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বন্দিদের অধিকার বিষয়ক একটি গ্রুপ এই তথ্য জানিয়েছে। নিহতদের বেশিরভাগই অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বাসিন্দা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্যালেস্টিনিয়ান প্রিজন সোসাইটি এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে গাজার ৩৮ জন বন্দি রয়েছেন। সংস্থাটি ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাজা থেকে আটক বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করার অভিযোগ তুলেছে।
বন্দি বিষয়ক কমিশনের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৩৫ বছর বয়সী মুসাব হানি হানিয়াহ ইসরাইলি হেফাজতে মারা গেছেন। তাকে ৩ মার্চ খান ইউনিস থেকে আটক করেছিল ইসরাইলি বাহিনী। পরিবারের দাবি, আটক হওয়ার আগে তিনি সুস্থ ছিলেন।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ১৯৬৭ সাল থেকে ইসরাইলি কারাগারে অন্তত ২৯৬ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। বর্তমানে ইসরাইলের কারাগারে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৪৮ হাজার ৩৫০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন এক লাখ ১০ হাজারের বেশি মানুষ। জাতিসংঘের মতে, এই হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অবকাঠামোর ৬০ শতাংশ ধ্বংস হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ গঠিত হয়েছে।