মধ্যপ্রাচ্যে শুরু হবে পবিত্র রমজান: সৌদি আরবসহ বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল, শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হবে পবিত্র রমজান।
গলফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ১ মার্চ (শনিবার) পবিত্র রমজান মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজেও সৌদি আরবে চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, “সৌদি আরবের আকাশে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে, ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস, এবং রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার।”
এ বছর চাঁদ দেখে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা সবার আগে দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়, তবে প্রতিবেশী দেশ ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান শুরু হবে ২ মার্চ। ফিলিপাইনও জানায়, তাদের দেশে চাঁদ দেখা যায়নি। পাকিস্তানেও রমজানের চাঁদ দেখা যায়নি।
অন্যদিকে, আফ্রিকার দেশ তানজানিয়া ও ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে এবং ফ্রান্সও শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।
এভাবে বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখে রমজান শুরু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসছে, আর মুসলিম সম্প্রদায় পবিত্র রমজানের প্রস্তুতি নিচ্ছে।