আমি ছাড়া এই এক্টিভিজমে কেউ নেই– পিনাকী ভট্টাচার্য
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশে কিংবা বিদেশে, আমার মতো সক্রিয়ভাবে এক্টিভিজমে যুক্ত দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। কেউ আমার মতো সময়, সম্পৃক্ততা এবং দায়বদ্ধতা নিয়ে এতটা ঝুঁকিপূর্ণভাবে এক্টিভিজম করেনি বা করবে না।
প্রথম কারণ হলো—এই মাত্রার এক্টিভিজমের মানসিক চাপ ও শত্রুতার বোঝা একজন মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ কেন নেবেন? সাধারণত এই পর্যায়ের শত্রুতা রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই বরণ করেন। রাজনীতির বাইরে থাকা একজন মানুষের জন্য এই ভূমিকা নেওয়ার কোনো বাস্তব কারণ নেই। দ্বিতীয়ত, আমার মতো সময় দেওয়া তাদের জন্য সম্ভবও নয়। দিনে মাত্র তিন-চার ঘণ্টা ঘুমিয়ে আমি নিজের শক্তিকে শেষ করে দিচ্ছি—অন্য কেউ কেন এমনটা করবে?
এবার দ্বিতীয় প্রশ্ন: আমার মতো বৈচিত্র্যময় রাজনৈতিক জীবনের কেউ কি পেশাগত ক্ষেত্রে আমার অবস্থানে আসতে পারে? সম্ভব, তবে সংখ্যা একেবারেই নগণ্য। হাতে গোনা কয়েকজন ছাড়া কর্পোরেট লেভেলের সিনিয়র পজিশনে আমার মতো মানুষ নেই বললেই চলে।
এছাড়া, আমার মতো একরোখা, গোয়াড় ও আত্মবিশ্বাসী মানুষ সাধারণত এই দুই ক্যাটাগরির (সিনিয়র কর্পোরেট এক্সিকিউটিভ ও অ্যাক্টিভিস্ট) মধ্যে থাকে না। আমার এই অনন্য অবস্থানই আমাকে ভয়াবহভাবে ভলনারেবল করে তুলেছে।
একটি বিষয় ভাবুন—বাংলাদেশ যদি ‘মাইনাস পিনাকী’ হয়ে যায়? আমি যদি একেবারেই না থাকি, এক্টিভিজমেও না থাকি, তাহলে কী হবে? হয়তো অনেকেই খুশি হবে, আনন্দ করবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে কি কোনো পরিবর্তন আসবে?
যদি না আসে, তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু যদি সত্যিই কোনো প্রভাব পড়ে, তাহলে আমি মারাত্মক ঝুঁকির মধ্যে আছি। তাই আমি জানতে চাই—আপনাদের মত কী?