নেত্রকোনায় মহানবী (সা.)-কে কটুক্তির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক
দিগন্ত জার্নাল ডেস্ক:
নেত্রকোনায় মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ মার্চ) নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয় এবং পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের ২০২৩ সালের সহ-সভাপতি ছিলো। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে, সুপ্ত সাহা অনিক সুনীল সাহার ছেলে।

অভিযোগ রয়েছে, সুপ্ত সাহা অনিক ফেসবুক পোস্টের কমেন্টে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি করতো, যা ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি কলমাকান্দায় হেফাজতে ইসলাম, তৌহিদী জনতা, জামায়াতে ইসলামী ও খেলাফত আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সুপ্ত সাহা অনিককে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।