ইন্টারনেট বন্ধের ক্ষমতা থাকবে না, স্টারলিংক চালুর ঘোষণা
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, সরকার এমন নীতি গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট বন্ধ করতে না পারে। তিনি বলেন, “সাইবার সেফটি অর্ডিন্যান্সে আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং টেলিযোগাযোগ আইনেও এমন কিছু রাখব না, যা ইন্টারনেট বন্ধের অনুমতি দেয়।”
রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, “জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যা ফ্রিল্যান্সার, ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকিং সেক্টরের ক্ষতি করেছে। আন্তর্জাতিক ক্রেডিট রেটিংও কমেছে। তাই ভবিষ্যতে কেউ যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে অনুযায়ী নীতি প্রণয়ন করা হবে।”
তিনি আরও জানান, বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর হচ্ছে এবং এর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে এতে দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন উল্লেখ করে তিনি বলেন, “মোবাইল ও আইএসপি অপারেটরদের ইন্টারনেট মূল্য কমানো উচিত এবং ব্রডব্যান্ডের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস হওয়া প্রয়োজন।”
আলোচনা সভায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।