৩৫ মিনিটে মক্কার গ্র্যান্ড মসজিদ পরিষ্কার করলেন পরিচ্ছন্নকর্মীরা - দিগন্ত জার্নাল

৩৫ মিনিটে মক্কার গ্র্যান্ড মসজিদ পরিষ্কার করলেন পরিচ্ছন্নকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কার গ্র্যান্ড মসজিদে পরিচ্ছন্নতার কার্যক্রমে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মাত্র ৩৫ মিনিটে পুরো মসজিদটি পরিষ্কার করেছে একটি বিশেষ পরিচ্ছন্নকর্মী দল। মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ হাজার ৫০০ পুরুষ ও মহিলা কর্মীর একটি বিশাল দল এই কার্যক্রমে নিযুক্ত ছিল। তাদেরকে ১২টি বিশেষায়িত ওয়াশিং মেশিন এবং ৬৭৯টি পরিষ্কারক মেশিন সরবরাহ করা হয়। এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য মসজিদের ভেতরে ও বাইরে তিন হাজারের বেশি পাত্র স্থাপন করা হয়েছে। প্রতিদিন প্রায় ৭০ টন বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়, যা কখনো কখনো ১০০ টন পর্যন্তও বৃদ্ধি পায়।

তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহৃত হয় এবং হজযাত্রীদের চলাচলে কোনও ব্যাঘাত না ঘটিয়ে ২৪ ঘণ্টা এই পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকে। কর্তৃপক্ষ আরও জানায়, তাদের প্রধান লক্ষ্য হলো আল্লাহর অতিথিদের সর্বোচ্চ যত্ন নেওয়া, যাতে তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের ইবাদত ও আচার-অনুষ্ঠান সম্পাদন করতে পারেন।

তথ্যসূত্র: সামাটিভি

an adbox will go here