পানামা খালের নিয়ন্ত্রণ প্রশ্নে যুক্তরাষ্ট্র-পানামা উত্তেজনা - দিগন্ত জার্নাল

পানামা খালের নিয়ন্ত্রণ প্রশ্নে যুক্তরাষ্ট্র-পানামা উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক:

পানামা সরকার জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও পানামা খালের সুরক্ষায় তারা কঠোর অবস্থান বজায় রাখবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হ্যাভিয়ার মার্তিনেজ-আচা বলেন, “এই খাল পানামার জনগণের এবং তা তাদেরই থাকবে।”

এর আগে এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন উপায় খুঁজছেন এবং এ জন্য যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা থেকে শুরু করে সম্ভাব্য দখল পর্যন্ত নানা কৌশল পর্যালোচনা করতে বলেছে হোয়াইট হাউস। তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পানামা খাল নির্মাণ করেছিল যুক্তরাষ্ট্র, তবে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর দেশটি আনুষ্ঠানিকভাবে পানামাকে খালের নিয়ন্ত্রণ হস্তান্তর করে। এরপর থেকে সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন নেই।

সম্প্রতি ট্রাম্পের পানামা খাল দখলের হুমকির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ট্রাম্প দাবি করেন, চীন সেখানে প্রভাব বিস্তার করছে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র জোরপূর্বক খালের নিয়ন্ত্রণ নেবে। এরই মধ্যে খালের বন্দর পরিচালনাকারী হংকংয়ের একটি কোম্পানি তাদের মালিকানা যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে।

an adbox will go here