সামুদ্রিক নিরাপত্তা বেল্ট ২০২৫' মহড়া নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরান - দিগন্ত জার্নাল

সামুদ্রিক নিরাপত্তা বেল্ট ২০২৫’ মহড়া নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরান

‘আন্তর্জাতিক ডেস্ক:

ইরান, চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ‘সামুদ্রিক নিরাপত্তা বেল্ট ২০২৫’-এ অংশ নেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, “কিছু মানুষ হ্যালুসিনেশনে আক্রান্ত।”

উত্তর ভারত মহাসাগরে অনুষ্ঠিত এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহড়ার উদ্দেশ্য সাগরে নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা জোরদার করা। এতে রাশিয়া ও চীনের ডেস্ট্রয়ার ও লজিস্টিক জাহাজও অংশ নেয়।

মার্কিন গণমাধ্যমে তিন দেশের এই মহড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হলে, ট্রাম্প এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, “আমরা তাদের সবার চেয়ে শক্তিশালী, তাই উদ্বিগ্ন নই।” এর জবাবে ইরানি নৌবাহিনীর কমান্ডার বলেন, “যারা এর বিরুদ্ধে কথা বলছে, তারা অলীক কল্পনার মধ্যে রয়েছে। বাস্তবতা হলো—তাদের উপস্থিতি কখনো নিরাপত্তা বা শান্তি বয়ে আনেনি, বরং অনিরাপত্তা সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিকসের সদস্য দেশগুলো সামুদ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম।” ইরান দাবি করেছে, তারা আন্তর্জাতিক পানিসীমায় নিরাপত্তা জোরদারে সক্রিয় এবং ইতিমধ্যে প্রায় ২০টি দেশের জাহাজকে সহায়তা করেছে।

an adbox will go here