ইরান, চীন ও রাশিয়ার কূটনীতিকদের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক :
শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানি, চীনা এবং রুশ কূটনীতিকরা ইরানের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার এবং তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের প্রতি জোর দিয়েছেন।
বৈঠকটি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ অংশ নেন।
এক যৌথ বিবৃতিতে কূটনীতিকরা সব একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে বর্তমান পরিস্থিতির মূল কারণগুলো চিহ্নিত করে শান্তিপূর্ণ সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং নিষেধাজ্ঞা, চাপ বা সামরিক হুমকি থেকে সরে আসতে হবে।
এছাড়া, কূটনীতিকরা পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপকে একমাত্র কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেন এবং কোনো পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেন যা পরিস্থিতি আরও জটিল করবে এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে।