পশ্চিম তীরে ইসরাইলি হামলা, বাস্তুচ্যুত ২৪ হাজার ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক :
দখলদার ইসরাইলি বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর সহযোগিতায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা চালাচ্ছে, তাদের বাড়িঘর ও দোকানপাট আক্রমণ করছে এবং সাধারণ মানুষকে আহত করছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা WAFA জানিয়েছে, সোমবার ইসরাইলি বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর সহায়তায় ওয়াদি হিলওয়া ও পূর্ব আল-কুদসের সিলওয়ান এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।
সোশ্যাল অ্যাক্টিভিস্ট আরেফ জাবের জানান, আল-খালিলের পুরাতন শহরসহ বেশ কয়েকটি এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এতে ৬৪ বছর বয়সি আব্দুল আজিজ আল-শান্তির দোকানে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। ওয়াদি আল-হুসেইনে ফিলিস্তিনিদের বাড়ির ওপর পাথর ও কাঁচের বোতল নিক্ষেপ করেছে ইসরাইলি দখলদাররা।
নবি সালেহ গ্রামে সেনা হামলা
অন্যদিকে, রামাল্লার উত্তর-পশ্চিমে নবি সালেহ গ্রামে ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে একটি গাড়িতে গুলি চালিয়েছে। তবে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
তুলকারেমে অভিযান অব্যাহত
ইসরাইলি বাহিনী ৪৮তম দিনের মতো তুলকারেম শহর ও শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। নূর শামস শরণার্থী শিবিরে ঘরবাড়ি পুড়িয়ে এবং ধ্বংস করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। সেনারা তুলকারেমের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে ও চলাচল নিয়ন্ত্রণ করছে। এছাড়া তারা সামরিক যান ও বুলডোজার ব্যবহার করে দখলকৃত ভবনগুলোকে সেনা ঘাঁটিতে রূপান্তর করছে।
ইসরাইলি বাহিনী এমনকি নূর শামস শরণার্থী শিবিরে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে রোগীকে স্থানান্তর করতেও বাধা দিয়েছে।
২৪,০০০ ফিলিস্তিনি উচ্ছেদ
নূর শামস শরণার্থী শিবির থেকে ইতোমধ্যেই ১২,০০০ জন এবং তুলকারেম শরণার্থী শিবির থেকে আরও ১২,০০০ জনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। ইসরাইলের এই সহিংসতা ও জবরদখল পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব নীতিরই অংশ, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়নের বহিঃপ্রকাশ। সূত্র: আল-মায়াদিন