বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড - দিগন্ত জার্নাল

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। আন্তর্জাতিক গোয়েন্দাপ্রধানদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে থাকা তুলসী গ্যাবার্ড সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ‘ইসলামপন্থি সন্ত্রাসবাদের’ ওপর নজর দিচ্ছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গ্যাবার্ড আরও বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র।’

বাংলাদেশে ‘ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের’ উত্থান প্রসঙ্গে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে এটি এখনও যুক্তরাষ্ট্রের উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়ে গেছে।

তুলসী গ্যাবার্ড ‘ইসলামিক খিলাফতের’ আদর্শ এবং তার চরমপন্থা নিয়েও কথা বলেন। তিনি বলেন, উগ্রপন্থি উপাদান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো বৈশ্বিকভাবে এক ধরনের পরিস্থিতি তৈরির লক্ষ্যে কাজ করে এবং এই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থি খিলাফতের মাধ্যমে শাসন করা। এই উদ্দেশ্য বাস্তবায়নে তারা সন্ত্রাস ও সহিংস পথ বেছে নেয়।

গ্যাবার্ড আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এমন আদর্শ চিহ্নিত করে তা পরাজিত করতে এবং তিনি যাকে ‘মৌলবাদী ইসলামি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন, তার উত্থান বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদের পেছনে যে আদর্শ কাজ করে তা চিহ্নিত করতে এবং এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

an adbox will go here