মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি হিন্দুত্ববাদী দলের - দিগন্ত জার্নাল

মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি হিন্দুত্ববাদী দলের

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি দিয়েছে একাধিক হিন্দুত্ববাদী দল। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল জানিয়ে দিয়েছে, যদি আওরঙ্গজেবের মাজার সরিয়ে না ফেলা হয়, তবে সেখানে বাবরি মসজিদের মতো পরিণতি হতে পারে। মহারাষ্ট্রের সম্ভাজিনগর (আগের নাম আওরঙ্গবাদ) জেলার খুলদাবাদে রয়েছে আওরঙ্গজেবের মাজার, যেটি উচ্ছেদের দাবিতে সোমবার মহারাষ্ট্রের নাগপুরে বজরং দলের সমর্থকরা বিক্ষোভ করেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তারা দাবি করেছে, আওরঙ্গজেবের মাজার পরাধীনতা ও নৃশংসতার প্রতীক এবং এটি সরিয়ে ফেলা উচিত।

তারা মহারাষ্ট্র সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে, প্রশাসন ব্যবস্থা না নিলে বড় আকারে আন্দোলন গড়ে তোলা হবে, এমনকি করসেবা করে মাজার ভাঙার উদ্যোগও নেওয়া হতে পারে।

এদিকে, মাজার ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে একটি ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত পুলিশ মাজারে মোতায়েন করা হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের দাবিকে সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরাসাতও। তিনি বলেছেন, যে শাসক জনগণের ওপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন, তার স্মৃতি সংরক্ষণ করা উচিত নয়।

এছাড়া, বিজেপি নেতারা এর আগে আওরঙ্গজেবের মাজার সরানোর দাবি করেছিলেন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এ দাবি সমর্থন করেছেন। তিনি বলেন, এটি আইনের মাধ্যমেই করতে হবে, কারণ পূর্ববর্তী কংগ্রেস সরকার মাজারটি আর্কেওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার (এএসআই) কাছে হস্তান্তর করেছিল এবং স্থানটি ভারতীয় প্রতœতাত্ত্বিক সংস্থা কর্তৃক সুরক্ষিত।

সম্প্রতি, মারাঠা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর ও বিজেপি নেতা উদয়ন রাজে ভোঁসলে আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “কী প্রয়োজন, জেসিবি মেশিন পাঠিয়ে তার মাজার ভেঙে ফেলা উচিত।”

an adbox will go here