গাজার ওপর ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ - দিগন্ত জার্নাল

গাজার ওপর ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইল বাহিনী আবারও গাজা ভূখণ্ডে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে পৌঁছেছে। এর মধ্যে ৭৮ জন গাজার দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন। হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। গত বছরের ১৯ জানুয়ারিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এটি ইসরাইলের সবচেয়ে বড় হামলা।

চিকিৎসা সূত্র জানায়, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আল জাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেটে জানা গেছে, গাজা শহরের উত্তরে ২০ জন নিহত হয়েছেন এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়া শহরে একটি আশ্রয়স্থলে হামলায় পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় শরণার্থীদের ওপর হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর হামলা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরাইল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপক আক্রমণ চালাচ্ছে, এবং হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানোর জন্য তাদের রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুসরণ করছে।

an adbox will go here