হামাসের ইসরাইলি ও মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ ও অবরোধের ডাক - দিগন্ত জার্নাল

হামাসের ইসরাইলি ও মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ ও অবরোধের ডাক

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী ইসরাইলি ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ ও ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে। মঙ্গলবার সংগঠনটি একটি বিবৃতির মাধ্যমে আরব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের মুক্ত চেতনাসম্পন্ন মানুষের প্রতি এ আহ্বান জানায়। গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশে হামাস এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।

বিবৃতিতে হামাস অভিযোগ করেছে, ‘দখলদার ফ্যাসিবাদী সরকার আবারও গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, যা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আইন লঙ্ঘন করছে।’ সংগঠনটি আরও উল্লেখ করেছে, ‘বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে, তেলআবিব ও ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে গাজার জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ হয়।’ হামাসের এই আহ্বান জানিয়ে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ এবং ইসরাইল ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ গড়ে তোলার কর্মসূচি চলছে।

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি বাহিনী তীব্র বিমান হামলা চালিয়ে শতশত নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। শুধু মঙ্গলবারের হামলায় ৪২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১৭৪ জন শিশু ও ৮৯ জন নারী রয়েছে। এছাড়া, ইসরাইলি হামলায় ৬০০-র বেশি মানুষ আহত হয়েছেন। হামলাকারীরা গাজার বাড়িঘর, মসজিদ ও আশ্রয়স্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে, ইসরাইল গত ১৭ দিন ধরে গাজার সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে রেখেছে, যার ফলে সেখানে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে এবং খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, ‘ইসরাইলি বাহিনী কেবল হামাস যোদ্ধাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে।’ তবে হামাস গোটাবিশ্বের মুক্ত চেতনাসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এবং বলেছে, ‘আসুন আমরা আরব, মুসলিম ও আন্তর্জাতিক পর্যায়ে একত্রিত হই এবং এক কণ্ঠে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই।’

হামাসের এই আহ্বানের পর আন্তর্জাতিক মহলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে বিশ্বজুড়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ জোরদার হয়েছে এবং যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে। বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলো, এখন এই সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান চেয়ে আন্তর্জাতিক চাপ প্রয়োগের কথা বলছে।

এ পরিস্থিতিতে, গাজার পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে, এবং আন্তর্জাতিক মহল থেকে সহায়তার জন্য আহ্বান জানানো হচ্ছে।

an adbox will go here