গাজায় ইসরাইলি হামলায় শহীদ ৭১০, আহত ৯০০ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বিমান হামলায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য মানুষ। মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন হামলায় মোট মৃতের সংখ্যা ৭১০ এবং আহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা ও মিডল ইস্ট আই’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দারকান জানান, চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে আহতদের অনেকেই মারা গেছেন। আহতদের ৭০ শতাংশই নারী ও শিশু এবং তাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল টেলিগ্রামে জানিয়েছেন, নিহতদের মধ্যে জাতিসংঘের এক কর্মীও রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন, তবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে যন্ত্রপাতির অভাবে। জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
তিনি সতর্ক করে বলেন, ‘গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। টানা ১৮ দিন ধরে সীমান্ত বন্ধ থাকায় খাবার, ওষুধসহ জরুরি সরঞ্জাম পুরোপুরি ফুরিয়ে গেছে।’
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের সামরিক হামলায় ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১,১২,০০০-এর বেশি।
২০২৪ সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (ICC) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (ICJ) গণহত্যার মামলা চলছে।
তবুও, আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করে ইসরাইল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে, যার কোনো ইতি টানার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।