খামেনি: ইসরাইলের আগ্রাসন বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান”
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গাজায় ইহুদিবাদী ইসরাইলের নতুন আগ্রাসন শুরু হওয়া তীব্রভাবে নিন্দা করেছেন। তিনি এই আগ্রাসনকে “অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর” বলে মন্তব্য করেছেন। খামেনি বলেছেন, এটি শুধু ফিলিস্তিন নয়, বরং পুরো মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য তিনি গোটা মুসলিম বিশ্বের সকল মতভেদ দূরে রেখে ঐক্যবদ্ধভাবে ইসরাইলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, “এটি শুধু মুসলিম বিশ্বের নয়, বরং ইউরোপ, আমেরিকা ও বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী মানুষের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।” খামেনি বলেছেন, এমনভাবে প্রতিরোধ করতে হবে যাতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে শিশু-হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও তাদের শরণার্থী হওয়ার মতো ঘটনা পুনরায় না ঘটে।
বৃহস্পতিবার তেহরানে ফার্সি নববর্ষ ১৪০৪ উপলক্ষে দেওয়া ভাষণে খামেনি এসব কথা বলেন। তিনি গত বছর ইরানি জাতির জন্য একাধিক দুঃখজনক ঘটনার কথা উল্লেখ করেন, যেমন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর, দামেস্কে ইরানি উপদেষ্টাদের নিহত হওয়া এবং তেহরান ও বৈরুতে ইসরাইলি হামলার প্রসঙ্গও তুলে ধরেন।
এসময় তিনি ইরানি জনগণের দৃঢ় ঐক্য ও মানসিক শক্তির প্রশংসা করেছেন। বিশেষ করে লেবানন ও ফিলিস্তিনের জনগণকে সহায়তা দেওয়ার জন্য ইরানি জনগণের উদারতা এবং ইসলামি সংহতি ও মানবিক প্রচেষ্টার প্রতি তাদের প্রতিশ্রুতি প্রশংসিত হয়েছে।
এছাড়া, তিনি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা স্বীকার করে বলেন, বছরের শেষের দিকে ইরানি জনগণ কঠিন সময় পার করেছে, তবে তাদের অটুট মনোবল ও ঐক্য সাফল্যের পক্ষে একটি বড় প্রমাণ।
“