ভারতের বিরুদ্ধে ‘সেন্সরশিপ’ মামলা করল ইলন মাস্কের এক্স - দিগন্ত জার্নাল

ভারতের বিরুদ্ধে ‘সেন্সরশিপ’ মামলা করল ইলন মাস্কের এক্স

আন্তর্জাতিক ডেস্ক :

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) ভারতের বিরুদ্ধে বেআইনিভাবে কনটেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের অভিযোগ তুলে মামলা করেছে। বৃহস্পতিবার দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্টে এ মামলা দায়ের করা হয়। এক্সের পক্ষে মামলার অভিযোগে বলা হয়েছে, ভারত সরকার তার আইসিটি আইনের অপব্যাখ্যা করছে, বিশেষ করে ৭৯(৩)(বি) ধারা ব্যবহার করে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ করছে, যা সুপ্রিম কোর্টের একটি রায় লঙ্ঘন করছে এবং মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত করছে। এক্স আরও অভিযোগ করেছে, সরকার একটি সমান্তরাল আইনি ব্যবস্থা তৈরি করেছে, যা তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারার কাঠামোগত সুবিধা লঙ্ঘন করছে।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মতে, ৭৯(৩)(বি) ধারা অনুযায়ী আদালতের নির্দেশ বা সরকারের নোটিশের ভিত্তিতে অনলাইন প্ল্যাটফর্মকে বেআইনি বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে। ৩৬ ঘণ্টার মধ্যে এই নির্দেশ মানা না হলে, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এক্সের দাবি, শুধুমাত্র আদালতের নির্দেশেই কনটেন্ট সরানোর ক্ষমতা থাকা উচিত, সরকারের নয়। এ নিয়ে উভয়ের মধ্যে মতবিরোধ তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, এক্সের এ মামলার রায় ভারতের ডিজিটাল নিয়ন্ত্রণ নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এটি শুধু ভারতের জন্য নয়, বরং অন্যান্য দেশেও অনলাইন প্ল্যাটফর্ম ও সরকারের ক্ষমতা নিয়ে বিতর্ক তৈরি করতে পারে।

দিগন্ত জার্নাল – সাম্যের আহ্বানে

an adbox will go here