ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান ফাতাহর
আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন গাজায় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার জন্য হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে। ফাতাহ মুখপাত্র মন্থার আল-হায়েক এক বার্তায় বলেন, “হামাসকে গাজার জনগণের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে হবে।” তিনি হামাসকে গাজার শাসন থেকে সরে দাঁড়াতে এবং স্বীকার করতে বলেছেন যে, তারা ক্ষমতায় থাকলে ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটাতে পারে।
২০০৭ সালে ফাতাহ-অধ্যুষিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে হামাস গাজায় ক্ষমতা দখল করে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের চলমান হামলায় গাজা বিধ্বস্ত হয়ে পড়েছে। হামাস বারবার বলেছে, যুদ্ধ শেষে তারা গাজায় ক্ষমতা ছাড়তে প্রস্তুত, তবে অস্ত্র সমর্পণ করবে কি না তা স্পষ্ট নয়।
হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু এক বিবৃতিতে বলেছেন, “আমরা গাজার প্রশাসন সম্পর্কিত যেকোনো চুক্তি মেনে নিতে প্রস্তুত, তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতীয় ঐকমত্য।” তিনি মিশরের প্রস্তাবিত গাজা পরিচালনার জন্য পেশাদার এবং টেকনোক্র্যাটদের একটি স্বাধীন কমিটি গঠনের সমর্থন জানিয়েছেন।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস বলেছেন, কমিটিকে রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে, যা তার মতে গাজা পরিচালনার একমাত্র বৈধ সংস্থা। তবে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই প্রস্তাব প্রত্যাখান করেছে।
গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে মতবিরোধের পর ইসরাইল গত ১৮ মার্চ থেকে আবারও বিমান হামলা শুরু করেছে, আর পরদিন থেকে শুরু হয় স্থল অভিযান। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুমকি দিয়েছেন, যদি ৭ অক্টোবরের হামলায় হামাসের হাতে আটক বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তবে গাজার কিছু অংশ তারা দখলে নেবে।
২০২৩ সালে হামাসের হামলায় ইসরাইলে ১,২১৮ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধে গাজায় প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।