জুলাই বিপ্লব আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে অবস্থান
দিগন্ত জার্নাল ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে দ্রুত বিচারের দাবিতে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। সোমবার দুপুর ১টার পর ‘জুলাই-২৪ শহিদ পরিবার সোসাইটি’ ব্যানারে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন, যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩টা ২৫ মিনিট) চলমান ছিল।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আট মাস পেরিয়ে গেলেও হত্যার বিচার শুরু হয়নি। তারা সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগ দাবি করেন। নিহতদের স্বজনদের ভাষ্য, বিচারের নামে প্রহসন চলছে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি তোলেন তারা।
দুপুর দেড়টার দিকে ট্রাইব্যুনালের মাজার গেটের সামনে ‘জুলাই মঞ্চ’ ব্যানারে একটি মিছিল নিয়ে আসে আন্দোলনকারীরা। এ সময় তারা ‘জুলাই হত্যার বিচার চাই’ ও ‘আওয়ামী লীগ নিষিদ্ধ কর’ স্লোগান দেন।
নিহত শদিদ আমিনের মা বলেন, “আমাদের সন্তানদের বিচার চাই। সরকার ক্ষমতায় বসে সব ভুলে গেছে, কিন্তু আমরা আমাদের সন্তান হারিয়েছি। শেখ হাসিনার অত্যাচারের শিকার হয়েছে সবাই।”
নিহত নাদিমুল হাসান সেলিমের বাবা বলেন, “আমার ছেলেকে শেখ হাসিনা খুন করেছে। তার মতো স্বৈরাচার যেন দেশে আর না আসে। বিচারের দাবিতে আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, কিন্তু সরকার আমাদের কোনো খোঁজ রাখছে না।”
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অন্য স্বজনরাও বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান এবং সরকারকে এর দায় নিতে হবে বলে মন্তব্য করেন।