বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা - দিগন্ত জার্নাল

বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বুধবার (২৬ মার্চ) রুশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বার্তায় বলেন, “আপনার দেশের জাতীয় দিবস—স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।” তিনি আরও বলেন, “রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুদেশের জনগণের কল্যাণ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের স্বার্থে এই সম্পর্ক ভবিষ্যতেও ইতিবাচকভাবে বিকশিত হবে।” পুতিন বাংলাদেশের সকল নাগরিকের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

অপরদিকে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বাংলাদেশে রাশিয়ার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়ে বলেছেন, “রাশিয়ান ফেডারেশনের সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস-স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।” মিশুস্তিন আরও লেখেন, “রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিকশিত হচ্ছে। বাণিজ্য ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং মানবিক সহযোগিতা ক্রমাগত গভীরতর হচ্ছে, উচ্চাকাঙ্ক্ষী যৌথ প্রকল্পগুলোও অগ্রসর হচ্ছে।”

তিনি আশাবাদী যে, সরকারি পর্যায়ে সক্রিয় কার্যক্রম রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে, যা উভয় দেশের স্বার্থের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। মিখাইল মিশুস্তিন ড. ইউনূসকে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে চিঠির শেষে বাংলাদেশের জনগণের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

an adbox will go here