নেতানিয়াহুর গাজার একাংশ দখলের হুমকি, হামাসের পাল্টা প্রতিক্রিয়া - দিগন্ত জার্নাল

নেতানিয়াহুর গাজার একাংশ দখলের হুমকি, হামাসের পাল্টা প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন। বুধবার ইসরাইলি পার্লামেন্টে বক্তৃতাকালে তিনি বলেন, “হামাস যত বেশি আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, আমরা তত শক্তিশালী দমন-পীড়ন চালাব, যা অঞ্চল দখলসহ অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত করবে।” বর্তমানে গাজায় ৫৯ জন বন্দি রয়েছে, যার মধ্যে ২৫ জন জীবিত বলে বিশ্বাস করা হচ্ছে।

নেতানিয়াহুর এই হুমকির পর হামাস পালটা প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, “ইসরাইল যদি বন্দিদের উদ্ধারের জন্য বলপ্রয়োগ করে, তাহলে তাদের কফিনে ফিরিয়ে দেওয়া হবে।” হামাস আরও দাবি করেছে যে, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পুনরায় যুদ্ধ শুরু করা ছিল নেতানিয়াহুর পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত, এবং এর জন্য পুরো দায় তিনি নিজেই বহন করবেন।

এদিকে, গাজায় হামাসের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে। বুধবার গাজা উপত্যকার উত্তরে শত শত ফিলিস্তিনি “যুদ্ধ বন্ধ করো” এবং “হামাস বেরিয়ে যাও” স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন। এটি গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে চলমান যুদ্ধের বিরুদ্ধে একটি বিরল প্রকাশ্য প্রতিবাদ হিসেবে দেখা যায়।

হামাসের ঊর্ধ্বতন নেতা বাসেম নাইম বলেন, “মানুষের যুদ্ধের দুর্ভোগের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে কিছু রাজনৈতিক এজেন্ডা এই পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছে।”

এদিকে, গাজার অবরুদ্ধ অঞ্চলে ইসরাইলি হামলা চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৮ জন নিহত হওয়ার পর, নিহতের সংখ্যা বেড়ে ৮৩০ জনে দাঁড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি আক্রমণ পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ১,২৪,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অবরোধের কারণে সেখানে খাদ্য সরবরাহের সংকট তীব্র হতে পারে, যা মানবিক সংকটকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।

an adbox will go here