স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শুভেচ্ছাবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে (ড. ইউনূস) ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই রূপান্তরের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির একটি সুযোগ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং একইসঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারব। পাশাপাশি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতেও একসঙ্গে কাজ করতে পারব।”
ট্রাম্প বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, “স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে আপনাকে ও বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি।”
এর আগে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানায়।