যশোরে ৪১ ডিগ্রি, দেশের ওপর তীব্র তাপপ্রবাহের শঙ্কা
দিগন্ত জার্নাল ডেস্ক:
যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, যশোরে দেশের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার ও সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঈদুল ফিতরের দিনও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।